অর্থবছরের প্রথম ৬ মাস

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম

বেনাপোল (যশোর) প্রতিনিধি | রাজস্ব
জানুয়ারী ১৩, ২০২৬
বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম
ছবি : সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বেনাপোল কাস্টম হাউসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় এক হাজার ১৩ কোটি টাকা রাজস্ব আদায় কম হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল চার হাজার ১৩৩ কোটি টাকা। আদায় হয়েছে তিন হাজার ১২০ কোটি টাকা।

মাসভিত্তিক হিসাবেও রাজস্ব পতনের চিত্র স্পষ্ট। জুলাই মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হয়। তবে এর পরের মাসগুলোতে ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে। আগস্টে ৪৯৩ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৪৪৭ কোটি টাকা। সেপ্টেম্বরে ৬০১ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৫১৩ কোটি টাকা। অক্টোবরে ৬৪৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৪৪৯ কোটি টাকা। নভেম্বরে ৭৫৫ কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয় ৫৬৪ কোটি টাকা। ডিসেম্বরে এক হাজার ১৩১ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬০০ কোটি টাকা।
বাণিজ্যসংশ্লিষ্টরা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে শীতলতা তৈরি হওয়ায় এর প্রভাব পড়েছে দ্বিপক্ষীয় বাণিজ্যে। এ ছাড়া বন্দরের অভ্যন্তরীণ নানা সমস্যাও রয়েছে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, বেনাপোল বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ৫০০ থেকে সাড়ে ৫০০ পণ্যবাহী ট্রাক আসত। বর্তমানে সেটা কমে দাঁড়িয়েছে ২৫০ থেকে ৩০০ ট্রাকে। এ ছাড়া রপ্তানি হতো ৩০০ ট্রাক পণ্য। সেটা কমে দাঁড়িয়েছে ১৫০ ট্রাকে। সার্বিকভাবে আমদানি-রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কম হচ্ছে।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী কমিশনার অটল বিহারী বলেন, অর্থবছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে। আমদানি বাণিজ্য কমে যাওয়াই
এর প্রধান কারণ। তবে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করা, দ্রুত পণ্য খালাস এবং রাজস্ব ব্যবস্থাপনা জোরদারে কাজ চলছে। আশা করা হচ্ছে, অর্থবছরের শেষ দিকে রাজস্ব আদায়ে উন্নতি হবে। 

রাজস্ব'র অন্যান্য খবর

সর্বশেষ