সিরামিক শিল্প: প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

উদ্যোগ ডেস্ক | খবর
আগস্ট ৮, ২০২৬
সিরামিক শিল্প: প্রযুক্তি ও উদ্ভাবনে চীন-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির আহ্বান

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চায়না-বাংলাদেশ সিরামিকস অ্যানুয়াল কনফারেন্স’। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) ও চীনের ফোশান ইউনিসেরামিকস এক্সপোর যৌথ আয়োজনে শনিবার ঢাকার একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘এমপাওয়ারিং টেকনোলজি, উইনিং টুমরো টুগেদার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে আন্তর্জাতিক প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সিরামিক শিল্পের উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বিসিএমইএ মহাসচিব ও ফার সিরামিকস লিমিটেডের পরিচালক ইরফান উদ্দিন বলেন, “আধুনিক যুগে শিল্পের অগ্রগতি, অংশীদারত্ব ও সহযোগিতার সঙ্গে গভীরভাবে যুক্ত।”
ইউনিসিরামিকস চীনের ওভারসিজ বিজনেস ডিপার্টমেন্টের ব্যবস্থাপক ইভা চ্যান বাংলাদেশের সিরামিক বাজারের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সিরামিক পণ্যের ব্যবহার প্রায় এক বর্গমিটার, যেখানে চীনে সর্বোচ্চ ব্যবহার ছিল ৬ দশমিক ৯ বর্গমিটার। এ ব্যবধান বাংলাদেশের বাজারে বড় প্রবৃদ্ধির সুযোগ তৈরি করেছে।”
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “চীনা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক উভয়বাজারে নতুন সুযোগ তৈরি করা সম্ভব।”
এ ক্ষেত্রে প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন তিনি।
এক্স সিরামিকস গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশীদ বলেন, “সিরামিক শিল্প বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ও দ্রুত বিকাশমান উৎপাদন খাত। বাংলাদেশে বিশ্বমানের টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যার উৎপাদিত হচ্ছে, যা ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি করা হচ্ছে।”
বিসিএমইএ সভাপতি ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, “এটি শুধু একটি সম্মেলন নয়, বরং দুই দেশের শিল্প খাতের মধ্যে জ্ঞান ওঅভিজ্ঞতা বিনিময়ের একটি প্ল্যাটফর্ম।”

 

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ