এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংকের পর তৃতীয় ব্যাংক হিসেবে ‘ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক’ বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ করা প্রশাসক প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে আনুষ্ঠানিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সার্বিক পরিচালনা ও নিয়ন্ত্রণ নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। গভর্নর মো. মোস্তাকুর রহমানের উপস্থিতিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান এর কাছে ব্যাংকটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এসময় ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করে নিয়ন্ত্রণ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হস্তান্তরের মাধ্যমে পাঁচটির মধ্যে মোট তিনটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে যাবে। খুব দ্রুততম সময়ের মধ্যে বাকি দুটি ব্যাংক থেকেও পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।