ইসলামী ব্যাংকের দুই পদে চাকরির জন্য দেড় লাখ আবেদন

উদ্যোগ ডেস্ক | ব্যাংক-বীমা
অক্টোবর ২৪, ২০২৫
ইসলামী ব্যাংকের দুই পদে চাকরির জন্য দেড় লাখ আবেদন

বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের প্রারম্ভিক পর্যায়ের দুই পদে চাকরি পেতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। পদ দুটির নাম হলো ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)। ব্যাংকটি কতজন কর্মকর্তা নিয়োগ দেবে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। আগামী ১ নভেম্বর এই দুই পদে নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যাংকটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন পর বিজ্ঞপ্তি দিয়ে কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বিপুল সাড়া মিলেছে। দুই পদের জন্য ১ লাখ ৪৬ হাজার শিক্ষার্থী আবেদন জমা দিয়েছেন। এই পরীক্ষার্থীদের থেকে সাড়ে তিন হাজার কর্মকর্তা নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে পুরো নিয়োগ হবে কয়েকটি ধাপে।

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ আট বছর ইসলামী ব্যাংক ছিল আর্থিক খাতের সমালোচিত চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। ওই সময় ব্যাংকটির প্রায় অর্ধেক টাকা একাই বের করে নেয় গ্রুপটি, যা এখন আদায় হচ্ছে না। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে যাওয়ার পর ব্যাংকটিতে প্রায় ১০ হাজার ৮৩৪ কর্মী নিয়োগ দেওয়া হয়। কোনো ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই এসব কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল। এস আলমের সময়ে নিয়োগ পাওয়া কর্মীদের মধ্যে শুধু চট্টগ্রাম জেলার কর্মী ছিলেন ৭ হাজার ২২৪ জন। চট্টগ্রামের সাত হাজারের বেশি কর্মীর মধ্যে আবার এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের নিজ উপজেলা পটিয়ার বাসিন্দা ছিলেন ৪ হাজার ৫২৪ জন। কোনো ধরনের নিয়মনীতি ছাড়া নিয়োগ পাওয়া কর্মীদের নিয়েই এখন বেকায়দায় রয়েছে ব্যাংকটি।

 

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ