ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা দুই মাস পর সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি বেড়েছে। গত সপ্তাহে (২৬ থেকে ৩০ অক্টোবর) এক্সচেঞ্জটিতে সূচক কমার পাশাপাশি অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হলেও সাপ্তাহিক লেনদেন বেড়েছে প্রায় ৭ শতাংশ। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন আরও প্রায় ৬ হাজার কোটি টাকা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে গত ৪ সেপ্টেম্বর সমাপ্ত সপ্তাহে (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মোট লেনদেন হয়েছিল ৬ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকা, যা তার আগের সপ্তাহের ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকার চেয়ে ১৩ দশমিক ৩০ শতাংশ বেশি। এরপর এক্সচেঞ্জটির লেনদেন পরিমাণ কমতে থাকে। পরের সপ্তাহে (৭ থেকে ১১ সেপ্টেম্বর) লেনদেন হয়েছিল ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ টাকা, তার পরের সপ্তাহে (১৪ থেকে ১৮ সেপ্টেম্বর) হয়েছিল ৩ হাজার ৫০৫ কোটি ৩৩ লাখ টাকা, পরের সপ্তাহে (২১ থেকে ২৫ সেপ্টেম্বর) হয়েছিল ২ হাজার ৯১৮ কোটি ৮৩ লাখ টাকা এবং শারদীয় দুর্গাপূজায় দুইদিন বন্ধ থাকা সপ্তাহে (২৮ থেকে ৩০ সেপ্টেম্বর) এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬০ কোটি ৩২ লাখ টাকা।
এছাড়া পরের সপ্তাহের পাঁচ কার্যদিবসে (৫-৯ অক্টোবর) ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকা, যা গড় হিসেবে আগের সপ্তাহের ৩ কার্যদিবসের চেয়ে কম ছিল। পরে সপ্তাহে (১২ থেকে ১৬ অক্টোবর) লেনদেন আরও কমে ২ হাজার ৬১১ কোটি ১২ লাখ টাকা হয়েছে। পরের সপ্তাহে (১৯ থেকে ২৩ অক্টোবর) লেনদেন ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ কমে হয়েছিল ২ হাজার ১৩৮ কোটি ৭১ লাখ টাকা। তবে সদ্য সমাপ্ত (২৬ থেকে ৩০ অক্টোবর) ডিএসইর লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১৪৮ কোটি ১৫ লাখ টাকা বা প্রায় ৭ শতাংশ বেড়ে ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা হয়েছে।
এদিকে সাপ্তাহিক বাজার দর চিত্রে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টি কোম্পানির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ারদর।