হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, সবুজ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) হংকংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে হংকং জেনারেল চেম্বার অব কমার্সের (এইচকেজিসিসি) চেয়ারম্যান ড. জ্যাকব কাম-এর সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৈঠকে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়নের নতুন সুযোগ কাজে লাগাতে বিদেশি বিনিয়োগকে আরও উৎসাহিত করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলসহ (সিইআইজেড) দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি সুবিধা দেওয়া হচ্ছে।
এসব সুবিধার মধ্যে রয়েছে ১০ বছরের কর অবকাশ (ট্যাক্স হলিডে), শুল্কমুক্ত মূলধনি যন্ত্রপাতি আমদানির সুযোগ এবং ওয়ান-স্টপ সার্ভিস সুবিধা। এর মাধ্যমে বিদেশি উদ্যোক্তারা সহজে ব্যবসা শুরু ও পরিচালনা করতে পারবেন বলে বৈঠকে তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশ থেকে সরাসরি পণ্য রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। তৈরি পোশাকের পাশাপাশি কৃষিপণ্য, ফল, পাটজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য ও প্রযুক্তিনির্ভর পণ্য রপ্তানিতে হংকংয়ের বাজারকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশের মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ৭ দশমিক ২ শতাংশ আসে হংকং থেকে, যা দেশটিকে বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তম বিনিয়োগকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দুই দেশের মধ্যে দ্বৈত কর পরিহার চুক্তি কার্যকর রয়েছে এবং বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন চুক্তি (আইপিপিএ) স্বাক্ষরের প্রস্তুতিও এগিয়ে চলছে।
বৈঠকে হংকংয়ের পুঁজিবাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশের অবকাঠামো, পরিবেশবান্ধব জ্বালানি ও শিল্প খাতে বিনিয়োগের জন্য প্রস্তাবিত ২০০ কোটি মার্কিন ডলারের বাংলাদেশ তহবিলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
হংকং জেনারেল চেম্বার অব কমার্স (এইচকেজিসিসি) হংকংয়ের সবচেয়ে পুরোনো ও বৃহত্তম ব্যবসায়ী সংগঠনগুলোর একটি। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি হংকংয়ের ব্যবসায়িক স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে। বাংলাদেশে হংকংয়ের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণেও সংগঠনটি ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন হংকং জেনারেল চেম্বার অব কমার্স এর চেয়ারম্যান ড. জ্যাকব কাম।
বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, এমসিসিআই ও ডিসিসিআইয়ের সঙ্গে হংকংয়ের ব্যবসায়ী চেম্বারগুলোর মধ্যে একটি সমন্বয় প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ২০২৭ সালের শুরুতে হংকংয়ের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।