নির্মাণ ও স্থাপত্যের নতুন প্রযুক্তি নিয়ে শুরু হচ্ছে ‘আইএবি বিল্ড এক্সপো’

উদ্যোগ ডেস্ক | শিল্প-বাণিজ্য
অক্টোবর ৮, ২০২৬
নির্মাণ ও স্থাপত্যের নতুন প্রযুক্তি নিয়ে শুরু হচ্ছে ‘আইএবি বিল্ড এক্সপো’

নির্মাণসামগ্রী, আধুনিক নির্মাণ প্রযুক্তি, ইন্টেরিয়র উপকরণ ও উদ্ভাবনী পণ্য নিয়ে ঢাকায় শুরু হয়েছে ‘আইএবি বিল্ড এক্সপো ২০২৬’। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি) আয়োজিত এ প্রদর্শনীর পঞ্চম আসর বসেছে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি)। এবারের আয়োজনে ৬৮টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় এক্সপোটির উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। ৮ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে ১১ অক্টোবর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য এক্সপোতে প্রবেশ উন্মুক্ত ও বিনামূল্যে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন— এই ঘনবসতিপূর্ণ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে আমরা কি শুধু আরও বেশি বেশি ভবন তৈরি করব, নাকি আরও ভালো ভবন তৈরি করব? আমি মনে করি, আমাদের লক্ষ্য হতে হবে ‘মোর বিল্ডিংস’ নয়, ‘বেটার বিল্ডিংস’; ‘মোর কনস্ট্রাকশন’ নয়, আমরা চাই ‘বেটার কনস্ট্রাকশন’। আমাদের ভবন হতে হবে নিরাপদ, কার্যকর, পরিবেশবান্ধব এবং মানুষের সামর্থ্যের মধ্যে। বিশেষ করে ‘অ্যাফোর্ডেবল হাউজিং’-এর বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। কারণ বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ এখনো মানসম্মত ও নিরাপদ আবাসনের সুযোগ থেকে বঞ্চিত। তাই ভবিষ্যতে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে এমন প্রযুক্তি ও উপকরণের দিকে এগিয়ে যেতে হবে, যা নির্মাণ ব্যয় কমাবে, কিন্তু মানের ক্ষেত্রে কোনো কমপ্রোমাইজ হবে না। আয়োজকরা জানান, দেশের নির্মাণ ও স্থাপত্য খাতের পেশাজীবীদের সঙ্গে নির্মাণসামগ্রী ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরিই এক্সপোটির অন্যতম লক্ষ্য। এতে স্থপতি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, ইন্টেরিয়র ডিজাইনার, ডেভেলপার, সরকারি নীতিনির্ধারকসহ নির্মাণ খাতের বিভিন্ন পেশাজীবী অংশ নিচ্ছেন।
এক্সপোর স্টলগুলো বিসিএফসিসির মিল্কিওয়ে, কার্নিভাল ও হারমনি হলে বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০০ বর্গফুটের সিলভার স্টলের মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা থেকে শুরু করে সবচেয়ে বড় প্লাটিনাম প্লাস লাউঞ্জ স্টলের মূল্য ৩৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে অংশগ্রহণের সনদ, এক্সপো ডিরেক্টরিতে কোম্পানির প্রোফাইল, ইভেন্টের মাস্টার ব্যানারে লোগো, বিদ্যুৎ ও জেনারেটর ব্যাকআপসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে।

এক্সপোতে বিল্ডিং ম্যাটেরিয়াল, ইন্টেরিয়র ও ডেকোরেটিভ ম্যাটেরিয়াল, নির্মাণ ব্যবস্থাপনা ও সরঞ্জাম, স্থাপত্যসংশ্লিষ্ট উপকরণ, ফার্নিচার এবং বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। নির্মাণসামগ্রীর উৎপাদক, আমদানিকারক, পরিবেশক ও বিক্রেতাদের পাশাপাশি ইন্টেরিয়র ও ডেকোরেটিভ উপকরণ, নির্মাণ ব্যবস্থাপনা ও যন্ত্রপাতি এবং স্থাপত্যসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এতে অংশ নিয়েছে।

শিল্প-বাণিজ্য'র অন্যান্য খবর

সর্বশেষ