ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

উদ্যোগ ডেস্ক | ব্যাংক-বীমা
অক্টোবর ১২, ২০২৬
ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

তারল্য পরিস্থিতি ও আমানতকারীদের চাহিদা পূরণে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক। এই ঋণের গ্যারান্টি হবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আমানতকারীদের কাছ থেকে রোববার (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু করে ন্যাশনাল ব্যাংক।দুদিনে সাড়ে সাত হাজার গ্রাহক আমানত ফেরতের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি। এ খবর দিয়েছে কালবেলা। 

জানা যায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন ও ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদের বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের ফলে ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে গভর্নরকে জানান। একই সঙ্গে ব্যাংকের দক্ষতা ও কার্যক্ষমতা বাড়াতে ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে বলেও তিনি অবহিত করেন।

এ সময় ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক তারল্য পরিস্থিতি এবং আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে রয়েছে বলে জানান গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখা এবং ব্যাংকটির কার্যক্রম সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ন্যাশনাল ব্যাংকের সব আমানতকারী যাতে প্রয়োজন অনুযায়ী তাদের আমানতের অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ