৫০১ কোটি টাকার খেলাপি

নাভানার সম্পত্তি নিলামে তুলল সাউথইস্ট ব্যাংক

নিজস্ব প্রতিবেদক | ব্যাংক-বীমা
জুলাই ১৭, ২০২৫
নাভানার সম্পত্তি নিলামে তুলল সাউথইস্ট ব্যাংক
ছবি : সংগৃহীত

সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখায় ৫০১ কোটি টাকার খেলাপি নাভানা রিয়েল এস্টেট। পাওনা আদায় করতে না পেরে এখন বন্ধকি সম্পত্তি বিক্রির জন্য নিলাম ডেকেছে ব্যাংক। ঢাকার তেজগাঁওসহ বিভিন্ন এলাকার বন্ধকি মোট ৫২৬ শতাংশ জমি ও এসব জমিতে স্থাপিত ভবন, কারখানা বিক্রি করা হবে। আগ্রহীদের আগামী ৬ আগস্টের মধ্যে নির্ধারিত অঙ্কের পে-অর্ডারসহ আবেদন করতে বলা হয়েছে। গতকাল এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ব্যাংক।
নাভানা রিয়েল এস্টেট হলো দেশের অন্যতম শিল্পপতি জহুরুল ইসলাম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তিনি ১৯৯৫ সালে মারা যান। এখন তাঁর উত্তরাধিকাররা সম্পদের মালিক।
ব্যাংকের নোটিশে বলা হয়েছে, নাভানা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক খালেদা ইসলাম, স্বামী শফিউল ইসলাম মতিঝিল শাখার (ইসলামী ব্যাংকিং) বিনিয়োগ গ্রহীতা। গত ১২ আগস্ট পর্যন্ত ব্যাংকের পাওনা ৫০০ কোটি ৭৯ লাখ টাকার বেশি। এর বিপরীতে বিভিন্ন তপশিলের সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রয়েছে। পাওনা ও অন্যান্য খরচ আদায়ের জন্য এসব সম্পত্তি বিক্রি করা হবে। আগ্রহীদের নির্ধারিত হারে ব্যাংক ড্রাফটসহ আবেদন করতে বলা হয়েছে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট ১১টি তপশিলে বন্ধকি সম্পত্তির বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। ঢাকার তেজগাঁও, ধামরাই, ঢাকা-আরিচা মহাসড়কের পাশের এসব জমি, জমিতে থাকা ভবন, কারখানা বিক্রি করা হবে। নিলামে সর্বোচ্চ দরদাতাকে পরবর্তী ৯০ কর্মদিবসের মধ্যে নিলামে উদ্বৃত্ত পুরো দাম পরিশোধ করতে হবে। এসব সম্পত্তির বিপরীতে অন্য কারও পাওনা থাকলে সেই দায় ব্যাংক নেবে না। দরপত্র গৃহীত না হলে তিনি টাকা ফেরত পাবেন।
নাভানা রিয়েল এস্টেটের সিএফও নাজমুল হোসেন বলেন, এই ঋণ পুনঃতপশিলের মাধ্যমে নিয়মিত করার চেষ্টা করা হচ্ছে। শিগগির আবেদন করা হবে। তিনি বলেন, আইনি বাধ্যবাধকতা কিংবা কেন্দ্রীয় ব্যাংকে দেখানোর জন্য ব্যাংক হয়তো নিলাম নোটিশ দিয়েছে। শিগগিরই এটার সমাধান হয়ে যাবে।
সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, খেলাপি ঋণ ইস্যুতে কেন্দ্রীয় ব্যাংক কোনো ছাড় দিচ্ছে না। আগের মতো নীতি সহায়তা তো দূরে থাক, অনেক ক্ষেত্রে এখন গুণগত মানে খেলাপি করে দিচ্ছে। যে কারণে ঋণ আদায়ের বিষয়ে ব্যাংক বেশি গুরুত্ব দিচ্ছে। 

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ