সংলাপে বিশিষ্টজনরা

শ্রমিকদের সুস্থতা পোশাক খাতে উৎপাদনশীলতার চাবিকাঠি

উদ্যোগ ডেস্ক | পোশাক খাত
সেপ্টেম্বর ২৮, ২০২৫
শ্রমিকদের সুস্থতা পোশাক খাতে উৎপাদনশীলতার চাবিকাঠি

শ্রমিকদের স্বাস্থ্য ও সুস্থতা পোশাক খাতে উৎপাদনশীলতার চাবিকাঠি বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলেছেন, বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতা ধরে রাখতে কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে। তাদের সুস্থতা সরাসরি উৎপাদনশীলতা, প্রতিযোগিতা ও স্থায়িত্বের ওপর প্রভাব ফেলে। যা দেশের জিডিপির ৬ শতাংশ অবদান রাখে, রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি উৎপাদন করে।


এই খাতে প্রায় ৪০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে, যার মধ্যে ৬৫ শতাংশ নারী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়াত এডুকেশন, ইন্টিগ্রাল গ্লোবাল কনসালটেন্সি (আইজিসি) ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা।

সংলাপে সভাপতিত্ব করেন আয়াত এডুকেশনের চেয়ারপারসন ও আমান গ্রুপ অব কম্পানিজের ভাইস চেয়ারপারসন তাহসিন আমান। তিনি পোশাক খাতের কর্মীদের স্বাস্থ্য ও সুস্থতা উদ্যোগকে প্রাতিষ্ঠানিকীকরণের জন্য শিল্প মালিক, নীতি-নির্ধারক, ক্রেতা এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেন।


সংলাপে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানশেয়ার জাহান ভূঁইয়া শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘কর্মীদের সুস্বাস্থ্যই শিল্পের টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতামূলক সক্ষমতার মূলভিত্তি। তাই আমরা সব শ্রমিকের তথ্যের জন্য একটি সমন্বিত শ্রম ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করার চেষ্টা করছি। যা পরিকল্পনা ও নীতিমালা তৈরিতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘সব বিপদ মোকাবেলায় সহযোগিতামূলক মনোভাব দেখাতে হবে। সবার সহযোগিতা কর্মীদের সুস্থতা নিশ্চিত করা গেলে তা উৎপাদনশীলতার ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।’ এ ক্ষেত্রে কর্মীদের ডিজিটাল শিক্ষাদান ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে নতুন ধারণার কথাও তুলে ধরেন তিনি।

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন, ‘পোশাকশিল্প দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশেষ করে নারীদের জন্য বিশাল কর্মসংস্থান সৃষ্টি করেছে।
যা লাখ লাখ পরিবারকে সহায়তা করছে। আর উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য তৈরি পোশাক শ্রমিকদের, বিশেষ করে নারীদের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সব কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।’ বৈশ্বিক পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও দেশের অবস্থান শক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।
নিজের কারখানার অভিজ্ঞতা তুলে ধরে ড্রেসমেন গ্রুপের পরিচালক মাশেদ আর আবদুল্লাহ বলেন, ‘কর্মীরা স্বাস্থ্যসেবা পেলে, আমরা তাদের হাসিমুখ দেখি এবং কাজেও বেশি মনযোগ লক্ষ করি, যা উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক।’

পাইলট প্রকল্পের অভিজ্ঞতা শেয়ার করেন ইন্টিগ্রাল গ্লোবাল কনসালটেন্সির সিনিয়র পাবলিক হেলথ অ্যানালিস্ট মিস জেনা বাটলফ। তিনি জানান, বিজিএমইএর নেতৃত্বে আয়াত এডুকেশন কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পে স্বল্প খরচের কারখানা-ভিত্তিক কার্যক্রমের সঙ্গে ডিজিটাল উদ্ভাবনের সমন্বয় করা হয়েছে।

সংলাপে অংশগ্রহণকারীরা (বিজিএমইএ, এশিয়া ফাউন্ডেশন, আইএলও, শিল্পনেতা, ক্রেতা এবং কারখানা মালিকরা) সক্রিয় আলোচনায় অংশ নেন। তারা কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণে প্রযুক্তিনির্ভর সমাধান গ্রহণে নীতি সহায়তা ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া এবং কর্মীদের সুস্থতাকে উৎপাদনশীলতা বৃদ্ধির কেন্দ্রে স্থাপন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

  •  
  • - কালেরকণ্ঠ থেকে 

পোশাক খাত'র অন্যান্য খবর

সর্বশেষ