’২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণের পাহাড় গড়ে উঠেছে’

নিজস্ব প্রতিবেদক | খবর
মার্চ ৫, ২০২৬
’২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণের পাহাড় গড়ে উঠেছে’

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন,দীর্ঘ সময় ধরে দেশে একটা ভোগ নিয়ন্ত্রিত প্রবৃদ্ধি মডেলের বয়ান চালু ছিল। কিন্তু এই মডেল কখনোই টেকসই হওয়ার কথা না। আমরা দ্রুততার সঙ্গে ভোগ নিয়ন্ত্রিত মডেল থেকে বিনিয়োগনির্ভর মডেলে যেতে চাই। বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের উন্নয়ন: স্বল্প ও মধ্য মেয়াদে নতুন সরকারের অগ্রাধিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অনুষ্ঠানে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, পুরোনো মডেলের আরেকটি বৈশিষ্ট্য ছিল অতিমাত্রায় ঋণনির্ভরতা। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঋণের পাহাড় গড়ে উঠেছে। এটি কোনোভাবেই টেকসই নয়। ব্যক্তি খাতের বিনিয়োগ মোট দেশজ উৎপাদনের স্থবির বা ঋণাত্মক ছিল। এই দুই সমস্যা সমাধান করা প্রয়োজন।
আলোচনায় অংশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা–মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ দেশে কর্মসংস্থান বাড়াতে হলে সরকারকে সবার আগে জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন । তিনি বলেন, গ্যাসের সংযোগ না পাওয়ায় আমরা নতুন শিল্পে বিনিয়োগ করতে পারছি না। ফলে কর্মসংস্থানও বাড়ছে না। এ সময় খেলাপি ঋণ নিয়েও কথা বলেন এ কে আজাদ। তিনি বলেন, যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেনি, তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে অর্থনীতি ভালো হবে না।

নতুন সরকারকে দুটি পরামর্শ দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। তিনি বলেন, আমলাতন্ত্র আমাদের দেশে অনেক ক্ষেত্রে খুব ভালো, অনেক ক্ষেত্রে বাধা। আমলাতন্ত্রকে পরিচালনা করা নতুন সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। এ জন্য প্রতিটি মন্ত্রণালয়, দপ্তরে ডিজিটালাইজেশন জরুরি। এ ছাড়া গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে একটা অ্যাডভাইজরি গ্রুপ (উপদেষ্টা কমিটি) করা, যারা প্রতি তিন মাস পরপর সরকারকে পরামর্শ দেবে এবং সরকারের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

বৈঠকে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ব্যবসার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা নীতিসংক্রান্ত। সরকার যে নীতি তৈরি করে, সেখানে অংশীজনদের যথাযথভাবে যুক্ত করা হয় না। এই মনোভাব বদলানো দরকার।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বলেন, রাজস্ব, বৈদেশিক লেনদেন ও ব্যাংকিং—এই তিন খাতে একযোগে ও সমন্বিত সংস্কার ছাড়া অর্থনীতিতে সামষ্টিক স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়। কাজটি কঠিন হলেও দেরি করার সুযোগ নেই।
 

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ