দেশে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এত দিন যা ছিল ১৮৯ টাকা। কার্যকর হবে আগামীকাল থেকে।
সোমবার সন্ধ্যায় ভোজ্যতেল পরিশোধন ও উৎপাদনকারী কোম্পানিদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুসারে, আগামীকাল থেকে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়। এটি আজ পর্যন্ত বিক্রি হয়েছে ১৬৯ টাকায়। অর্থাৎ খোলা সয়াবিনের দাম লিটারপ্রতি ৮ টাকা বেড়েছে।
এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা; আগে যা ছিল ৯২০ টাকা। সে হিসাবে সয়াবিনের পাঁচ লিটারের বোতলে দাম বেড়েছে ২৫ টাকা।
খোলা পাম তেলের দামও লিটারে ১৩ টাকা বাড়ানো হয়েছে। তাতে প্রতি লিটার খোলা পাম তেলের দাম হয়েছে ১৬৩ টাকা। এটি আগে ছিল ১৫০ টাকা।