গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি জেব্রা মৃত্যুর কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাজের সহায়তা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের তিনজন বিশেষজ্ঞ কর্মকর্তাকে মনোনীত করা হয়েছে।
মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ড. অমিতাভ চক্রবর্তী জানান, তারা কোন তদন্ত কমিটির সদস্য নন। তবে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাজের সহায়তা এবং পার্কের পশুদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কেবল পরামর্শ দেবেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে প্রাণি সম্পদ মন্ত্রণালয় থেকে ওই এক্সপার্ট/ টেকনিক্যাল পার্সনদের মনোনয়ন দেয়া হয়েছে।
মনোনিত কর্মকর্তারা হলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. শফিউল আহাদ সরকার, ঢাকার কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকেশ চন্দ্র বৈদ্য ও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় কর্মরত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হুদা।