সম্মিলিত ইসলামী ব্যাংক

আমানতকারীরা কাল থেকে টাকা তুলতে পারবেন

নিজস্ব প্রতিবেদক | ব্যাংক-বীমা
ডিসেম্বর ৩১, ২০২৫
আমানতকারীরা কাল থেকে টাকা তুলতে পারবেন
ছবি : সংগৃহীত

পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা এখন থেকে দুই লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। চলতি বা সঞ্চয়ী হিসাবে দুই লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে পরবর্তী সময়ে প্রতি তিন মাস পর এক লাখ টাকা করে সাত লাখ টাকা তোলা যাবে। তবে কিডনি ডায়ালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। গতকাল মঙ্গলবার একীভূত ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের স্কিম বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আজ ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে কোনো লেনদেন হবে না। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে টাকা উত্তোলনের সুযোগ মিলবে।
টাকা উত্তোলনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যক্তি আমানতকারীরা। প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাত লাখ টাকার বেশি আমানত পাঁচ বছর মেয়াদিতে রূপান্তর হবে। যেখানে ব্যাংক রেটের তুলনায় ১ শতাংশ কম তথা ৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। আর ব্যক্তির ক্ষেত্রে দুই বছর পর সব টাকা তুলতে পারবেন। অবশ্য শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুয়িটি, জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, বহুজাতিক কোম্পানি, রেজল্যুশনের আওতাভুক্ত ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি এবং বিদেশি দূতাবাসগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে স্বাভাবিক লেনদেনের সুযোগ দেওয়া হবে। চলতি ও সঞ্চয়ী হিসাবের বাইরে ব্যক্তি পর্যায়ের তিন মাস মেয়াদি আমানত স্বয়ংক্রিয়ভাবে আরও তিনবার নবায়নের পর তোলা যাবে। আর ছয় মাস থেকে এক বছর মেয়াদি দুবার নবায়নের পর তোলা যাবে। 

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ