টানা ৫-বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪-বার ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এই সাফল্য উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে ‘সেলিব্রেটিং কর্পোরেট অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ভাইস-চেয়ারম্যান এস এম আশরাফুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কোম্পানি সেক্রেটারি মো. রফিকুল ইসলাম।
বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের কাছ থেকে সেরা কর্পোরেট সম্মাননা পুরস্কার অর্জন করায় ওয়ালটনকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, প্রোডাক্ট কোয়ালিটি, স্টেট অব দ্য আর্ট টেকনোলজি, সাশ্রয়ী মূল্য ইত্যাদি বিবেচনায় ওয়ালটন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ে অনেক এগিয়ে। বাংলাদেশের অর্থনীতিতে ওয়ালটনের অবদান অসামান্য। বাজারে বিদেশি ব্র্যান্ডের আধিপত্য ভেঙ্গে ওয়ালটন শুধু দেশের আমদানি নির্ভরতাই দূর করেনি; বিশ্বের বহু দেশে পণ্য রপ্তানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রাও অর্জন করছে। আইওটি, এআই বেজড সর্বাধুনিক প্রযুক্তির হাই-টেক পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারেও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।