বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

উদ্যোগ ডেস্ক | খবর
নভেম্বর ১৩, ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে লাফ

বিশ্ববাজারে আগের দিনের বড় দরপতনের পর শুক্রবার (১৩ নভেম্বর) স্বর্ণের দাম বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক থাকায় সপ্তাহজুড়ে দরপতনের ধারায় রয়েছে মূল্যবান এ ধাতু। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রায় ৪ শতাংশ কমেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৯৪ দশমিক ৫২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ০ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৯৮ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে।

বৃহস্পতিবারের বড় দরপতনের পর দাম অতিরিক্ত নিম্নমুখী অবস্থায় চলে যাওয়ায় শুক্রবার স্বর্ণের বাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

বিনিয়োগ প্রতিষ্ঠান উইজডমট্রির পণ্যবাজার কৌশলবিদ নিতেশ শাহ বলেন, বর্তমানে স্বর্ণের দাম অবমূল্যায়িত অবস্থায় রয়েছে।
এর আগে বৃহস্পতিবার স্বর্ণের দাম ৩ শতাংশ কমে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। এতে মূল্যস্ফীতি আরও বাড়া এবং সুদের হার উচ্চপর্যায়ে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে—এমন সম্ভাবনা দেখছেন বিনিয়োগকারীরা। সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, এ সম্ভাবনা ৮৮ শতাংশ। অন্যদিকে, সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ১২ শতাংশ।

খবর'র অন্যান্য খবর

সর্বশেষ