আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার আগাম বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৩২-এর সরকারি দলের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে বলে সরকার আশা করছে। এতে বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে।
তিনি বলেন, ‘এ বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ গত বছরের তুলনায় ভালো থাকবে। এখন পর্যন্ত আমরা যে মূল্য পরিস্থিতি দেখছি, তাতে পণ্যের দাম সহনীয় থাকবে, এমনকি গত বছরের তুলনায় আরও ভালো অবস্থায় থাকতে পারে। তবে কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা আন্তর্জাতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন না এলে এই পরিস্থিতি বজায় থাকবে বলে আমরা আশা করছি।’
তিনি বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
বাজার মনিটরিং, আগাম পণ্যের মূল্য নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।