সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হতে যাচ্ছে কিংবা পরিকল্পিতভাবে দরপতন ঘটানো হবে—এমন প্রচারকে ভিত্তিহীন গুজব বলে সতর্ক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার (২১ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটবে বা ঘটানো হবে—এমন ঘোষণা দিয়ে অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করার বিষয়টি কমিশনের নজরে এসেছে। এসব প্রচারিত তথ্যের কোনো সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজবনির্ভর। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি কমিশনের বিবেচনায় রয়েছে।
শেয়ারবাজারের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের স্বার্থে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা প্রত্যাশা করেছে বিএসইসি। একইসঙ্গে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার এবং ভিত্তিহীন প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে কমিশন।