সম্মিলিত ইসলামী ব্যাংক/ দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৪ হাজার গ্রাহক

উদ্যোগ ডেস্ক | ব্যাংক-বীমা
সেপ্টেম্বর ৮, ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংক/ দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৪ হাজার গ্রাহক

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে। ব্যাংকটির কার্যক্রমে গতি ফেরার পাশাপাশি গ্রাহকদের মধ্যেও আস্থা বাড়ছে। প্রথম দুই দিনে প্রায় ১৪ হাজার গ্রাহক ৫৮১ কোটি টাকা ফেরত নিয়েছেন। তবে আবেদনকারীর তুলনায় টাকা উত্তোলনের হার কম হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার প্রথম দিন প্রায় ৬ হাজার গ্রাহক ২৫৪ কোটি টাকা উত্তোলন করেন। দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা ফেরত নিয়েছেন।

এর আগে গত ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তি আমানতকারীদের কাছ থেকে টাকা ফেরতের আবেদন নেওয়া হয়। এ সময়ে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা ফেরতের আবেদন জমা পড়ে।  এর মধ্যে ১ সেপ্টেম্বর প্রথম দিন ১৮ হাজার ৪৬টি আবেদনের বিপরীতে ১ হাজার ৩২৯ কোটি টাকা ফেরতের চাহিদা দেওয়া হয়। দ্বিতীয় দিন ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি টাকা, তৃতীয় দিন ২১ হাজার ৮৬টি আবেদনের বিপরীতে ৯২৩ কোটি টাকা এবং শেষ দিন ১৫ হাজার ৪৭৬টি আবেদনের বিপরীতে ৬৫৭ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়।

ব্যাংকের তথ্য বলছে, ২ সেপ্টেম্বর ১৯ হাজার ৬১৩টি আবেদনের বিপরীতে ১ হাজার ১৬ কোটি টাকা ফেরতের আবেদন করা হয়েছিল। এসব গ্রাহকের মঙ্গলবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর টাকা ফেরত পাওয়ার কথা ছিল। তবে এদিন ৩২৭ কোটি টাকা তুলেছেন ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক। অর্থাৎ আবেদনকারীদের একটি বড় অংশ টাকা তুলতে আসেননি বা আবেদন প্রত্যাহার করেছেন।

ব্যাংক-বীমা'র অন্যান্য খবর

সর্বশেষ