বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত বাধ্যবাধকতা এবং শিল্প ব্যবস্থাপনায় পরিমাপযোগ্য উদ্ভাবনের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আজ রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬-এর অংশ হিসেবে ‘টেকনিক্যাল সেমিনার অন অ্যাডভান্সিং, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে তারা এ গুরুত্ব আরোপ করেন।
সেমিনারে পোশাক ও বস্ত্র খাতের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং টেকসই উন্নয়নবিষয়ক প্রতিনিধিরা অংশ নেন। বৈশ্বিক পোশাক বাণিজ্যে টেকসই উৎপাদনব্যবস্থা বাধ্যতামূলক শর্ত হয়ে ওঠার প্রেক্ষাপটে আন্তর্জাতিক কঠোর বিধিবিধান মোকাবিলায় কার্যকর কৌশল নিয়ে আলোচনা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটি লিড এ বি এম ফখরুল আলম এবং জেডডিএইচসি ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এস এম রায়হান হোসেন। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন আমিন অ্যান্ড জাহান কর্পোরেশন লিমিটেডের সাসটেইনেবিলিটি ম্যানেজার মো. আব্দুল মুহিত।
আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. উম্মুল খায়ের ফাতেমা, ডিবিএল গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের সিনিয়র ম্যানেজার মাশুক মুজিব চৌধুরী, এনভয় টেক্সটাইলস লিমিটেডের সাসটেইনেবিলিটি বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ আল তৌহিদুল ইসলাম এবং ব্লুসাইন টেকনোলজিস এজির কান্ট্রি রিলেশনশিপ ম্যানেজার মেহেদী হাসান রুবেল।
সেমিনারে বক্তারা বলেন, গ্লোবাল ফ্যাশনশিল্প বিশ্বের মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের প্রায় ৮ শতাংশ এবং বর্জ্যপানির ২০ শতাংশের জন্য দায়ী।
তারা বলেন, ইউরোপীয় ইউনিয়নের ‘ইকোডিজাইন ফর সাসটেইনেবল প্রোডাক্টস রেগুলেশন’ এবং বাধ্যতামূলক ‘ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্ট’ চালুর ফলে ব্র্যান্ডগুলো তাদের সরবরাহ ব্যবস্থায় দায়িত্বশীলভাবে সম্পদের ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ চাইছে।
বক্তারা আরও জানান, বাংলাদেশে ২৯০টির বেশি লিড-সার্টিফাইড সবুজ কারখানা রয়েছে। মার্চেন্ডাইজ রপ্তানি থেকে ৩৯ দশমিক ৩৪ বিলিয়ন ডলার আয় হলেও বস্ত্রের ওয়েট প্রসেসিংয়ে প্রতিবছর প্রায় ১ হাজার ৫০০ বিলিয়ন লিটার পানি ব্যবহৃত হয়।
এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সম্পদের কার্যকর ব্যবহার এবং রাসায়নিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উল্লেখ করেন।
সেমিনার শেষে টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের চেয়ারম্যান প্রকৌশলী এহসানুল করিম কায়সার প্যানেলিস্টদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।