বৈদ্যুতিক যানবাহন তৈরির প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়াকে নিয়োগ দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। তিনি প্রতিষ্ঠানটির প্রয়াত পরিচালক মাহবুব আলমের ছোট বোন।
দেশে ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগটি ছিল মাহবুব আলমের স্বপ্ন। এবার সেই প্রকল্পের তদারকির দায়িত্ব পেলেন তাঁর বোন।
ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওয়ালটন। কোম্পানিটির তথ্য অনুযায়ী, ওয়ালটনের বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ। নতুন দায়িত্বে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।
ওয়ালটন জানিয়েছে, ব্যবসার নতুন খাতে সম্প্রসারণের অংশ হিসেবে বৈদ্যুতিক যানবাহন তৈরির প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও পরিকল্পিতভাবে এগিয়ে নিতে রিফা তাছনিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ওয়ালটন গ্রুপের প্রয়াত পরিচালক মাহবুব আলম দেশে বৈদ্যুতিক যানবাহন উৎপাদনের স্বপ্ন দেখেছিলেন। তবে ২০২১ সালে তাঁর মৃত্যু হয়। ভাইয়ের সেই অসমাপ্ত উদ্যোগ এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন পেয়েছেন রিফা তাছনিয়া।