বিশ্ব গ্রামীণ নারী দিবস

গার্ল গাইড থেকে দেশ সেরা নারী উদ্যোক্তা নীলা চৌধুরী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি | উদ্যোগ
অক্টোবর ১৪, ২০২৫
গার্ল গাইড থেকে দেশ সেরা নারী উদ্যোক্তা নীলা চৌধুরী
নীলা চৌধুরী

প্রতিকুল পরিস্থিতির সঙ্গে লড়াই করে গার্ল গাইড থেকে দেশ সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন নাটোরের বড়াইগ্রামের নীলা চৌধুরী। পিতৃ-মাতৃহীন পৃথিবীতে দারিদ্রতাসহ সব প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে জীবনে সংগ্রামে সাফল্য অর্জন করে জয়িতা পুরষ্কার পান তিনি। নীলা বড়াইগ্রামের রোলভা গ্রামের সুশীল কুমারের স্ত্রী।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার এক মাস আগে সুপ্রিম কোর্টের আইনজীবী বাবা উৎপল চৌধুরী আর অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময়ে পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা মা ঝর্ণাধারা চৌধুরীর মৃত্যুতে পুরো এলোমেলো হয়ে যায় নীলার জীবন। সুখের সংসারে নেমে আসে ঘোর অমানিষা। ছোট দুই ভাই বোনকে নিয়ে জীবন সংগ্রামে টিকে থাকতে বন্ধ হয়ে যায় লেখাপড়া। কখনও প্রাইভেট পড়িয়ে, কখনও সুঁই-সুতার কাজ আর কখনও খন্ডকালীন চাকরি করে ভাই-বোনকে নিয়ে জীবন চলতে থাকে তার। চাকরি করা অবস্থাতেই পুনরায় প্রাইভেট শিক্ষার্থী হিসাবে বিএ এবং ইসলামের ইতিহাসে মাষ্টার্স করেন তিনি। এ সময় তিনি যোগ দেন গার্লস গাইডে। ২০০৩ সালে তার জীবন সংগ্রাম তুলে ধরে ইউনিসেফ এবং গার্লস গাইডের উদ্যোগে একটি ডকুমেন্টারী তৈরি হয়। পরে গার্ল গাইডের প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে ২০০৪ সালে হংকংয়ে এবং ২০০৬ সালে থাইল্যান্ডে পৃথক কনফারেন্সে অংশ নেন।  এরপর জীবনের পালাবদলে বিয়ে করেন তিনি। কিন্তু ঢাকায় স্বামীর ব্যবসায় একের পর এক লোকসানে পুঁজি হারিয়ে শুন্য হাতে ফিরতে হয়েছে গ্রামে।

জীবিকা নির্বাহের জন্য ২০১৪ সালে তিনি বড়াইগ্রাম সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা হিসাবে কাজ শুরু করেন। এতেই ধীরে ধীরে সাফল্য ধরা দেয় তার হাতে। ২০১৮, ২০২০, ২০২২ ও ২০২৩ সালে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় (এটুআই) থেকে দেশ সেরা নারী উদ্যোক্তা নির্বাচিত হয়ে পুরষ্কৃত হন তিনি। ২০২১ সালে জেলার সেরা ইউডিসি উদ্যোক্তা এবং করোনাকালে ৩৩৩ এ খাদ্য সহায়তায় সেরা অবদান রাখায় পুনরায় পুরষ্কৃত হন। বর্তমানে তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার পাশাপাশি উপজেলার একমাত্র নারী স্ট্যাম্প ভেন্ডার। তার নামে রয়েছে বিকাশ ও ব্যাংক এশিয়ার এজেন্টশীপ। এছাড়া অনলাইনে নিজের তৈরি ঘি ও খেজুরের গুড় বিক্রি করেও তিনি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অদম্য প্রচেষ্টায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসাবে নীলা চৌধুরী ২০২২ সালে উপজেলা পর্যায়ে জয়িতা পদকে ভূষিত হন।

উদ্যোগ'র অন্যান্য খবর

সর্বশেষ